পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারের পেকুয়ায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেলে তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের আর্থিক সহায়তার অংশ হিসেবে তিনি তাদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। পাশাপাশি শহীদ ওয়াসিমের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা শহীদ ওয়াসিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং চকরিয়ার মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পেকুয়ায় পৌঁছান।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মো. ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে তার আত্মত্যাগ একটি স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।
আপনার মতামত লিখুন