ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
ঢাকা | ৮ অক্টোবর ২০২৬
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়কে নিরাপত্তা জোরদার এবং যানজট নিরসনে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে রাজধানীর বর্তমান গণপরিবহন পরিস্থিতি, সড়কে যানবাহনের চাপ, যাত্রীদের ভোগান্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবহন খাতের বিদ্যমান অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিকল্পিত, নিরাপদ ও যাত্রীবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাস চলাচলে শৃঙ্খলা, নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা, সড়কে অবৈধ পার্কিং, যত্রতত্র বাস থামানো এবং অতিরিক্ত যানজট সৃষ্টিকারী কার্যক্রম নিয়ন্ত্রণের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসনে গণপরিবহন ব্যবস্থাপনার পাশাপাশি বাস টার্মিনালগুলোর সক্ষমতা ও ব্যবহার, পার্কিং সুবিধা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে রাজধানীর যানজট নিরসনে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের বিষয় গুরুত্ব পেয়েছিল।
নিরাপদ সড়ক ও যাত্রীসেবা নিশ্চিতকরণে গুরুত্ব
বৈঠকে সড়ক দুর্ঘটনা কমানো এবং গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষ ও প্রশিক্ষিত চালক, যানবাহনের ফিটনেস, চালকদের দায়িত্বশীলতা, ট্রাফিক আইন মেনে চলা এবং গণপরিবহন পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।
একই সঙ্গে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও ব্যস্ত এলাকায় যানবাহনের চাপ কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়টি আলোচনায় রয়েছে।
আধুনিক ব্যবস্থাপনার দিকে নজর
রাজধানীর পরিবহন খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিষয়টিও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে। এর মধ্যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল নজরদারি, গণপরিবহন চলাচলের কার্যকর ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয় রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকা মহানগরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর সিদ্ধান্তসহ গণপরিবহন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সমন্বিত উদ্যোগের ওপর জোর
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে শুধু একটি সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়—এমন বাস্তবতায় সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
সরকারের লক্ষ্য হচ্ছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে এমন একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা, যেখানে যাত্রীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
বৈঠক শেষে গণপরিবহন ব্যবস্থাপনা ও রাজধানীর যানজট নিরসনে কী কী সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
আপনার মতামত লিখুন