কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: ৫ পর্যটকের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত পাড়ের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’-এ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই রিসোর্টটির বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন