ইনানীতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু: অনুমোদনহীন রিসোর্টের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন
অবকাশযাপনে সমুদ্রের সৌন্দর্য উপভোগ আর পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর উদ্দেশ্যে এসেছিলেন তারা। কিন্তু মুহূর্তের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই আনন্দ পরিণত হয়েছে গভীর শোকে। কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১০ জন পর্যটক।
এই মর্মান্তিক প্রাণহানির পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, পরিচালনার বৈধ অনুমোদন এবং পরিবেশগত ছাড়পত্র নিয়ে দাঁড়িয়েছে গুরুতর প্রশ্ন।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের তথ্যমতে, প্রতিষ্ঠানটির কোনো ফায়ার সেফটি লাইসেন্স ছিল না। এমনকি পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই এটি পরিচালিত হয়ে আসছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এর আগেও রিসোর্টটিকে অগ্নিঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি পরিবেশগত ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে কার্যক্রম বন্ধের নোটিশ এবং পরবর্তীতে জরিমানাও করা হয়েছিল।
তবে এই দুর্ঘটনার পর সচেতন মহল ও স্থানীয়দের মধ্যে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে—
অগ্নিঝুঁকির বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়ার পরও কীভাবে রিসোর্টটি অবাধে অতিথি সেবা দিয়ে আসছিল?
অতিথিদের সার্বিক নিরাপত্তার ঘাটতি পূরণে রিসোর্ট কর্তৃপক্ষ নিজেরা কী ধরনের পদক্ষেপ নিয়েছিল?
একাধিক সরকারি দপ্তরের লাল নোটিশ ও জরিমানার পরও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ না হওয়া আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদারকি ও কার্যকারিতা নিয়ে কতটা প্রশ্ন তোলে?
১০টি তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার পর এসব প্রশ্নের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজ।
আপনার মতামত লিখুন