দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পাগলাপীরে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বক্তব্য
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
পথে পাগলাপীরে পৌঁছালে সেখানে উপস্থিত জনতা তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সফরসূচি অনুযায়ী, রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশে উৎসবে অংশ নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রংপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে রংপুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : শুভেচ্ছা বক্তব্য
আপনার মতামত লিখুন