প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সাক্ষাতে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।’
এর আগে, দুই দিনের সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসেন।
এ সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেই বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, যৌথ প্রেস ব্রিফিং শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
আপনার মতামত লিখুন