চট্টগ্রামে নতুন অর্থনৈতিক জোনে কর্মসংস্থানের বড় আশা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকে উঠছে ৪,১৯০ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভা শুরু হয়েছে মঙ্গলবার (৯ জুন) সকালে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানান, সভায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
এবারের একনেক সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় নতুন একটি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপন প্রকল্প। প্রায় ৮০০ একর জমিতে এই বৃহৎ শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর মাধ্যমে প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণের আশা করা হচ্ছে। প্রকল্পটি জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারি অর্থায়ন থেকে এই প্রকল্পে ১ হাজার ৭২২ কোটি টাকা ব্যয় করা হবে, আর চীন প্রকল্প সহায়তা হিসেবে দেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা।
এর আগে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল হওয়ার পর নতুন করে চীনা অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনার কথা সামনে এসেছে।
আপনার মতামত লিখুন