সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১৬ জুন: গণমাধ্যমকে দলীয় পক্ষপাত বা সরকারের তোষামোদ থেকে বেরিয়ে এসে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। গণমাধ্যমের মূল দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য পরিবেশন করা।”
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ এম. ছালেহ (সালেহ শিবলী) জানান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রয়োজন। এ লক্ষ্যে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠন, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
আপনার মতামত লিখুন