নাশকতা ও অস্থিতিশীলতার আশঙ্কা’—সব আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কড়া সতর্কতা,৬ জেলায় সেনা মোতায়েনের ঘোষণা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন স্থানে মিছিল-মিটিংসহ কিছু সাংগঠনিক তৎপরতার তথ্য সরকারের নজরে এসেছে। এসব কার্যক্রমকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট সব বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রাম জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থার আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা বা বক্তব্যের ক্ষেত্রে বাস্তব ও সঠিক তথ্য উপস্থাপনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সরকার আইন ও সংবিধানের কাঠামোর মধ্যে থেকে পরিস্থিতি মোকাবিলা করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন