ঢাকার চার নদী রক্ষায় কঠোর বার্তা: দূষণ ঠেকাতে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশগত সংকট মোকাবিলায় দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর বর্তমান পরিবেশগত অবস্থা এবং দূষণের উৎস নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনায় শিল্পবর্জ্য, অপরিকল্পিত পয়োনিষ্কাশন ব্যবস্থা, খালের নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর নদীগুলোর দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সময়ক্ষেপণের সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখনই সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বৈঠকে নদী পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি নির্ধারিত সময় অন্তর কাজের অগ্রগতি মূল্যায়ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বিআইডব্লিউটিএ, রাজউক, ঢাকার দুই সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ এলাকার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন