জুলাইয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে ইতিবাচক অগ্রগতির আশা: প্রবাসীকল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আগামী জুলাই মাসের মধ্যেই ইতিবাচক খবর পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফলাফল শিগগিরই দৃশ্যমান হতে শুরু করবে।
বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সফরের সময় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং শ্রমবাজারের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
আরিফুল হক চৌধুরী আরও জানান, আগামী মাসে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরের মাধ্যমে শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর সিদ্ধান্ত ও বাস্তব অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশা করেন।
প্রবাসীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের জন্য লাগেজ সহায়তা, চিকিৎসাসেবা এবং অন্যান্য সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিরাপত্তা ও যাত্রীসেবা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপন, রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন