প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে বা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি প্রশাসনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
ডিসি ফরিদা খানম বলেন, "সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।" পরীক্ষার্থীরা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও মানসিক চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের ভুয়া খবর বা অপপ্রচারকারীদের বিষয়ে কঠোর বার্তা দিয়ে জেলা প্রশাসক বলেন, "সামাজিক মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" এ ধরনের কোনো অপপ্রচারে কান না দিতে এবং কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক।
আপনার মতামত লিখুন