সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, মঞ্চে উপস্থিত শীর্ষ নেতারা; আহত কয়েকজন
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা সমাবেশস্থল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম-সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের পর সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। হামলার সঙ্গে জড়িতদের পরিচয় বা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন