রাষ্ট্রপতি পদে ১১ দলের ভরসা কর্নেল অলি, সর্বসম্মত সিদ্ধান্তে চূড়ান্ত প্রার্থী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আলোচনার পর সর্বসম্মতিক্রমে কর্নেল অলি আহমদের নাম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় কর্নেল অলি আহমদ জোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করায় তিনি ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এবং জাতির সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করার অঙ্গীকার করেন।
কর্নেল অলি আহমদ বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জাতির সঙ্গে কোনো ধরনের বেইমানি করব না। সব সময় জনগণের স্বার্থে মাঠে দাঁড়িয়ে থাকব।”
জোটের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদের জন্য একজন সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকেই মনোনীত করেছে।
একই বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জোটের পক্ষ থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
জোটের নেতারা জানান, দীর্ঘ আলোচনার পর পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতেই কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে। ফলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্ধারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো।
কর্নেল অলি আহমদের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমীকরণ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন