স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
ঢাকা, ৩১ আগস্ট ২০২৬:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় কার্যক্রম, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভূমিকা এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে।
বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা-সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং আন্তর্জাতিক পর্যায়ে সংসদীয় কূটনীতির গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও একটি কার্যকর সংসদীয় ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের কথা তুলে ধরেন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সংসদীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি; আইপিইউ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ; জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন