৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নতুন প্রত্যয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। নানা চড়াই-উতরাই, রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার শুরু থেকেই জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতিকে সামনে রেখে দলটি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশবাসী, দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়েছে। দিনটি উপলক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের কথা রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও রয়েছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে দলটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও দেশের স্বার্থে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা, আলোচনা ও রাজনৈতিক কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
৪৮ বছরে বিএনপি—সংগ্রাম, রাজনীতি ও ভবিষ্যৎ প্রত্যয়ের মধ্য দিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি।
আপনার মতামত লিখুন