জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ ও হামলা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এ সময় ক্ষুব্ধ বিক্ষোভকারীদের একটি অংশ জিএম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে জিএম কাদেরের বাসভবনের সামনের সড়কে ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অবস্থান নেন। বিক্ষোভকারীরা বাসভবনের চারপাশ ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন এবং জিএম কাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। অবস্থানের একপর্যায়ে বিক্ষোভকারীদের মধ্য থেকে জিএম কাদেরের বাসা লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানার ও আন্দোলনকারীদের বক্তব্য থেকে মূল যেসব অভিযোগ উঠে এসেছে: আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, জাতীয় পার্টি ও তার শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।বিক্ষোভকারীদের দাবি, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকার ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে জিএম কাদের এখনো গোপনে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। বক্তারা উল্লেখ করেন, গত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে রাজনৈতিক ও আইনি বৈধতা দেওয়ার মূল ভূমিকা পালন করেছিল।আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না”।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য জানিয়েছেন, সকালে একদল লোক এই হামলা চালায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
আপনার মতামত লিখুন