৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কর্মসূচি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে তৈরি করা খসড়া অনুযায়ী কর্মসূচিগুলো হলো:
: ৭ নভেম্বর সকাল ৬টায় ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এদিন বেলা ১১টায় দলের শীর্ষ নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করবেন।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পাশাপাশি দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে ৬ নভেম্বর (সম্ভাব্য তারিখ) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিশেষ পোস্টার প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন