মালয়েশিয়ায় কূটনৈতিক ব্যস্ততা
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক
কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, একান্ত বৈঠকের পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতির প্রসার, বাংলাদেশি কর্মী নিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্পে অংশীদারত্ব, কৃষি, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং আলোচনার ফলাফল তুলে ধরবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
মধ্যাহ্নভোজের আয়োজনে থাকছে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সংগীত পরিবেশন করবেন। কূটনৈতিক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময়ের এই আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন