রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
রংপুরের নানা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং স্থানীয় এক জনসভায় যোগ দিতে তাঁর এই রাজশাহী সফর।
এর আগে দুপুরে রংপুরের ঐতিহাসিক 'রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে' শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
সেখানে উপস্থিত ভক্ত ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের এক অভূতপূর্ব সম্মিলন ঘটেছিল। এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে একযোগে এগিয়ে চলছে।"
রাজশাহী অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পরবর্তী জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন