প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সৌজন্য সাক্ষাৎ
জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান এবং জাপান-বাংলাদেশ যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি মাসুমি কাকিনোকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক অংশীদারিকে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে মাসুমি কাকিনোকি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারি চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের আশা প্রকাশ করেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারিত হবে, জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং উভয় দেশের জন্য নতুন নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে।
আপনার মতামত লিখুন