শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করে সংবাদের শিরোনাম হওয়া সাবেক সেনা কর্মকর্তার মরদেহ তুরাগে
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় পরিবারসহ বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) কে এম তাহসিফ সৌরি। স্বজনেরা সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না।
এর পরদিন বুধবার বিকেলে রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদীতে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী নৌ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সনাক্তকরণ প্রক্রিয়া শেষে জানা যায়, মরদেহটি নিখোঁজ সাবেক বিমানবাহিনী কর্মকর্তা সৌরির।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া সরাসরি পরিচালনা করেছে টঙ্গী নৌ পুলিশ। তারা উত্তরখান থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছে।
ওসি হাবিবুর রহমান আরও বলেন, “উদ্ধার হওয়া মরদেহটি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
তুরাগ নদীতে কীভাবে তিনি গেলেন কিংবা তার মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য বা কারণ রয়েছে কি না—তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টঙ্গী নৌ পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং প্রাথমিক তদন্ত শেষে ঘটনার মূল কারণ জানা সম্ভব হবে। সাবেক এই সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন