গাজীপুরে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন গাজীপুরের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
শ্রমিকদের মূল দাবি, শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্ত না করা এবং কারখানা কর্তৃপক্ষের ইচ্ছামতো শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে রোববারও (১ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর, সফিপুর, চন্দ্রা, মৌচাক ও আশপাশের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ওই দিন আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে একাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অন্যদিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শ্রমিকদের দাবি বাস্তবায়ন এবং চলমান পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
বিষয় : শ্রমিক আন্দোলন
আপনার মতামত লিখুন