এআই প্রযুক্তিতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় পরীমনির তীব্র ক্ষোভ, দায় এড়ানোর সুযোগ নেই মন্তব্য
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি মেহজাবীন চৌধুরী ও পরীমনির আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ ঘটনায় কেবল 'দুঃখ প্রকাশ' করে বা হ্যাকিংয়ের অজুহাত দিয়ে দায় এড়ানো যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি আইডি হ্যাকিংয়ের মাধ্যমে নির্মিত এই ভুয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সরব হলেও, গত শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক লাইভে এসে নিজের তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন পরীমনি।
লাইভে পরীমনি বলেন, “কোনো গুরুতর অপরাধের পর কেবল ‘আই অ্যাম সরি’ বলে পার পাওয়ার সুযোগ নেই।” কোনো প্রতিষ্ঠিত বা দায়িত্বশীল সংবাদমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার পূর্ণ দায়ভার নিতে হবে বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া ও আপত্তিকর কন্টেন্ট দ্রুত সরাতে আইনি ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “দেশে এত আইন ও প্রশাসন থাকা সত্ত্বেও এ ধরনের আপত্তিকর ভিডিও দ্রুত ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা সম্ভব হলো না কেন?”
পরীমনী আরও উল্লেখ করেন, সাধারণ কোনো অপরিচিত পেজ থেকে এমন অপরাধ ঘটলে তা অন্যভাবে সামলানো যেত। তবে দায়িত্বশীল জায়গা থেকে যখন এ ধরনের ভুলের শিকার হতে হয়, তখন বিষয়টি মেনে নেওয়া কঠিন।
লাইভ চলাকালে ঘটনাটি নিয়ে অযাচিত সমালোচনা করা নেটিজেনদের উদ্দেশ্যেও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন এই চিত্রনায়িকা। এআই-এর অপব্যবহার রোধে আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ দাবি করেছেন তিনি
বিষয় : বিনোদন
আপনার মতামত লিখুন