জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (FDI) পাশাপাশি বিকল্প অর্থায়ন (Alternative Financing) ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে দেশটির সহযোগিতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং নতুন নতুন চুক্তির মাধ্যমেও দুই দেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন