বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ,হতাহতের খবর নেই
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বিমানবন্দর এলাকার উড়ালসেতু থেকে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা উড়ালসেতু থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কারা, কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত করছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন