এইচএসসি: শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠান বন্ধ না করে একীভূত করার পরিকল্পনা সরকারের
এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি (শূন্য পাস)। এই শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে পার্শ্ববর্তী ভালো প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ কথা জানান।
শিক্ষকদের চাকরি হারানোর শঙ্কা নিয়ে আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, এই প্রক্রিয়ায় কোনো শিক্ষকের চাকরি যাবে না। শিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করেই সরকার এই পুনর্গঠন কাজ সম্পন্ন করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো সেগুলো বন্ধ করে দেওয়া যাবে না।"
হুট করে কোনো প্রতিষ্ঠান বন্ধ করার ফলে যেন শিক্ষার্থী ও শিক্ষকসমাজ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি মাথায় রেখেই ধাপে ধাপে এসব প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও প্রশাসনিক পুনর্বিন্যাস করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাখাতের মানোন্নয়ন এবং অপচয় রোধ করতে সরকার পর্যায়ক্রমে এসব দুর্বল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মূলধারার সঙ্গে যুক্ত করার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে।
আপনার মতামত লিখুন