নতুন বেতনকাঠামো রোববার থেকে: কারিগরি জটিলতায় অনেকেই পাচ্ছেন না বকেয়াসহ বর্ধিত বেতন
নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। কথা ছিল চলতি মাসেই তিন মাসের বকেয়া অর্থসহ নতুন স্কেলে বেতন পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে নির্ধারিত সময়ে অনেক কর্মকর্তা-কর্মচারীই পাচ্ছেন না এই বাড়তি সুবিধা। নতুন বেতন নির্ধারণ (Pay Fixation) প্রক্রিয়া শেষ না হওয়ায় আপাতত তাদের আগের কাঠামোতেই বেতন নিতে হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন ও তিন মাসের বকেয়া অর্থ সমন্বয় করে পরিশোধ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে এখনো প্রশাসনিক ও কারিগরি বেশ কিছু জটিলতা রয়ে গেছে। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেনি।
ফলে কারিগরি সীমাবদ্ধতা ও প্রক্রিয়াকরণ বিলম্বের কারণে নির্ধারিত সময়ে একসঙ্গে সবার অ্যাকাউন্টে বর্ধিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে যাদের পে-ফিক্সেশন ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারা নির্ধারিত নিয়মেই নতুন স্কেলের সুবিধা পাবেন। বাকিদের কাজ দ্রুত শেষ করে বকেয়াসহ বেতন সমন্বয়ের আশ্বাস দিয়েছে অর্থ বিভাগ।
আপনার মতামত লিখুন