পোশাকশিল্পে অসন্তোষ নিরসন: আগামীকাল নতুন ‘মজুরি বোর্ড’ গঠনের ঘোষণা
পোশাকশিল্পে চলমান অসন্তোষ নিরসন ও শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আগামীকাল রোববার (১ নভেম্বর) নতুন পোশাক খাতের জন্য ‘মজুরি বোর্ড’ গঠনের ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে শিল্পখাতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আন্দোলন ছেড়ে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শ্রম ভবনে তৈরি পোশাকশিল্প মালিকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বৈঠকে মজুরি বোর্ডের পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়েও আলোচনা হয়েছে। কিছু কারখানায় বকেয়া পড়া বেতন-ভাতা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করার জন্য মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মালিকপক্ষ তা পরিশোধের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। শিল্পের উৎপাদন ও স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের দীর্ঘদিনের প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। এ বিষয়ে গতকাল শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে টানা প্রায় পাঁচ ঘণ্টা বিস্তৃত আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামীকাল বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন