জনগণ সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব: ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব। যে জাতি স্বাধীনতার জন্য বুকে গুলি নেয়, সে জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সরকার আগামী ৯ তারিখের আগে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে দাবি আদায় করে ছাড়ার কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় লংমার্চে যাওয়ার পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মা সেতু এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এই লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন।গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মতামত লিখুন